টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ে: তিন বছরের প্রেমের গল্পের পরিণতি
টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ে: প্রেমের গল্পের পরিণতি

পরিণতি পেল টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির তিন বছরের সম্পর্ক। পপসংগীতের বিশ্ব তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত শুক্রবার নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এই বিয়ে সম্পন্ন হয়। টেইলর সুইফটের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন বিবিসিকে খবরটি নিশ্চিত করেছেন।

ব্রেসলেট দিয়ে শুরু প্রেমের গল্প

২০২৩ সালের জুলাইয়ে টেইলর সুইফট তাঁর ‘ইরাস ট্যুর’ নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যস্ত ছিলেন। সেই সময় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে কনসার্ট দেখতে যান ট্রাভিস কেলসি। কনসার্ট শেষে টেইলরের হাতে নিজের ফোন নম্বর লেখা একটি ‘ফ্রেন্ডশিপ ব্রেসলেট’ তুলে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু কনসার্টের পর কণ্ঠ বিশ্রামে থাকায় টেইলর দর্শকদের সঙ্গে দেখা করেননি।

পরে নিজের ‘নিউ হাইটস’ পডকাস্টে ট্রাভিস অকপটে সেই ব্যর্থ চেষ্টার কথা জানান। মজার ছলে বলা সেই গল্পই অপ্রত্যাশিতভাবে ভাইরাল হয়ে যায়। পরে টেইলর নিজেই স্বীকার করেন, ট্রাভিসের সেই খোলামেলা আচরণ তাঁর নজর কেড়েছিল। বিষয়টি তাঁর কাছে অনেকটা পুরোনো দিনের রোমান্টিক সিনেমার দৃশ্যের মতো মনে হয়েছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাঠে গিয়ে ভালোবাসার প্রকাশ

২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় দুজনকে। টেইলর সুইফট উপস্থিত হন কানসাস সিটি চিফসের খেলায়। তিনি বসেছিলেন ট্রাভিসের মা ডোনা কেলসির পাশে। খেলায় ট্রাভিস টাচডাউন করার পর টেইলরের উচ্ছ্বাস ক্যামেরায় ধরা পড়ে। ম্যাচ শেষে দুজনকে একসঙ্গে স্টেডিয়াম ছাড়তেও দেখা যায়। সেই মুহূর্ত থেকেই কার্যত প্রকাশ্যে আসে তাঁদের সম্পর্ক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টেইলরের দীর্ঘ ক্যারিয়ারে ব্যক্তিগত জীবন নিয়ে এতটা প্রকাশ্য অবস্থান খুব কমই দেখা গেছে। তাই ভক্তদের কাছেও এটি ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা। ২০২৩ সালের ডিসেম্বরে টাইম সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে টেলর প্রথমবার প্রকাশ্যে তাঁদের সম্পর্ক নিয়ে কথা বলেন। একই মাসে বড়দিন একসঙ্গে উদ্যাপন করেন।

ভালোবাসার বার্তা পৌঁছে গেল গানের কথায়

কয়েক মাস পর আর্জেন্টিনায় অনুষ্ঠিত ইরাস ট্যুরের এক কনসার্টে হাজির হন ট্রাভিস। সেই অনুষ্ঠানে টেইলর তাঁর জনপ্রিয় গান ‘কারমা’-এর একটি লাইন বদলে দেন। মূল গানের পরিবর্তে তিনি গেয়ে ওঠেন- ‘কারমা ইজ দ্য গাই অন দ্য চিফস…’ হাজারো দর্শকের সামনে ট্রাভিসকে উদ্দেশ করে করা এই পরিবর্তন মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কনসার্ট শেষে টেইলর দৌড়ে গিয়ে ট্রাভিসকে আলিঙ্গন করেন। সেই ভিডিও আজও ভক্তদের কাছে সম্পর্কটির অন্যতম স্মরণীয় মুহূর্ত।

সুপার বোলে আলোচনার কেন্দ্র

২০২৪ সালের শুরুতে সম্পর্কটি আরও বেশি আলোচনায় আসে। কানসাস সিটি চিফস সুপার বোলে ওঠার পর টেইলর মাঠে নেমে ট্রাভিসকে অভিনন্দন জানান। পরে টোকিওতে কনসার্ট শেষ করেই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে সুপার বোল ফাইনাল দেখতে যান। চিফস চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠে দুজনের আলিঙ্গন ও চুম্বনের ছবি বিশ্বজুড়ে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, টেইলরের উপস্থিতির কারণে এনএফএলের নারী দর্শকের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।

টেইলরের গানেও এল সম্পর্কের ছাপ

২০২৪ সালে প্রকাশিত টেইলরের অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’-এর কয়েকটি গানে ভক্তরা ট্রাভিসের উপস্থিতি খুঁজে পান। বিশেষ করে ‘দ্য আলকেমি’ গানটিকে অনেকেই তাঁদের সম্পর্কের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করেন। সুপার বোল জয়ের পর ট্রাভিসের ট্রফি হাতে টেইলরের দিকে ছুটে যাওয়ার দৃশ্যের সঙ্গে গানের কিছু লাইন মিলিয়ে দেখেন ভক্তরা। এই সময় থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের জুটির নতুন নাম হয়ে যায় ‘টেভিস’।

লন্ডনে একসঙ্গে মঞ্চে

২০২৪ সালের জুনে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইরাস ট্যুরের একটি অনুষ্ঠানে প্রথমবার ইনস্টাগ্রামে যুগল ছবি প্রকাশ করেন টেইলর। ছবিতে তাঁদের সঙ্গে ছিলেন ব্রিটিশ যুবরাজ উইলিয়াম এবং তাঁর দুই সন্তান। পরদিন কনসার্টে আরও বড় চমক দেন ট্রাভিস। তিনি অতিথিশিল্পী হিসেবে মঞ্চে উঠে টেইলরের পারফরম্যান্সের অংশ হন।

এটি ছিল তাঁর প্রথম এবং শেষ মঞ্চ উপস্থিতি হলেও ইউরোপ সফরের বড় অংশেই তিনি টেইলরের সঙ্গে ছিলেন।

প্রচারের আলোয় থেকেও ব্যক্তিগত সম্পর্ক

টেইলর সুইফটের মতো জনপ্রিয় শিল্পীর সঙ্গে সম্পর্কে থাকা যে কতটা চাপের, সে বিষয়ে ট্রাভিসের বড় ভাই জেসন কেলসিও কথা বলেছেন। তাঁর ভাষায়, সাধারণ মানুষের মতো জীবন যাপন করা এই জুটির জন্য সহজ নয়। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ছবি, প্রতিটি উপস্থিতি নিয়ে আলোচনা হয়। তবু তাঁর মতে, ট্রাভিস নিজের স্বভাব বদলাননি। সাফল্য ও আলোচনার মধ্যেও তিনি আগের মতোই সাধারণ ও বিনয়ী রয়েছেন।

বাগ্দানের ঘোষণা

২০২৫ সালের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্ট দিয়ে বাগ্দানের খবর জানান টেইলর ও ট্রাভিস। এর পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা আরও বেড়ে যায়। বিভিন্ন সংবাদমাধ্যমে সম্ভাব্য অনুষ্ঠান, অতিথিতালিকা ও পরিকল্পনা নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে দুজনই এ বিষয়ে খুব সংযত থেকেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করেননি।

অবশেষে বিয়ে

কঠোর গোপনীয়তা আর সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গত শুক্রবার বিয়ে করেছেন দুই তারকা। তারকাখচিত এই বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানকে অনেকেই ‘শতাব্দীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন’ বলে আখ্যা দিচ্ছেন। অনুষ্ঠান উপলক্ষে ম্যানহাটানের অন্যতম ব্যস্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়। হলিউডের বহু তারকা এতে উপস্থিত ছিলেন।

অভিনেতা হিউ গ্রান্ট ও জেসন সুডেইকিস, গায়ক বেনসন বুন ও মডেল জিজি হাদিদের উপস্থিতি নজর কাড়ে।