চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু আহত
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু আহত

চট্টগ্রামে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে রাজু নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় রেশমি নামে ৯ বছর বয়সী এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রউফাবাদ শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

আহত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রাজুর বাড়ি রাউজানে। তিনি বোনের বাড়ি বেড়াতে এসেছিলেন। সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।

আধিপত্য বিস্তারের জের

সূত্র জানায়, চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার প্রতিপক্ষ একটি গ্রুপ সক্রিয় রয়েছে। তারা ৫ আগস্টের পর থেকে নগরী ও জেলায় খুনোখুনিতে লিপ্ত রয়েছে। চাঁদাবাজি, দখল-বেদখল, বালুর ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ছে। তারা টার্গেট কিলিংয়ে লিপ্ত হচ্ছে। বৃহস্পতিবার রউফাবাদে সংঘটিত হত্যাকাণ্ডটিও আধিপত্য বিস্তার নিয়ে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজনৈতিক পরিচয় নিশ্চিত নয়

নিহত যুবকের কোন রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ বা প্রত্যক্ষদর্শীরা। রাউজানে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা চট্টগ্রাম শহরে তাকে টার্গেট করেই গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে অন্য একটি সূত্র বলছে, রাজুকে হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি করলে তার লোকজনও পাল্টা গুলি চালায়। দুই গ্রুপের গোলাগুলির এক পর্যায়ে রাজু নিহত হয়েছেন।

পুলিশের বক্তব্য পাওয়া যায়নি

এ বিষয়ে জানার জন্য রাতে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। নিহতের বিস্তারিত পরিচয়ও পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ