ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনপরবর্তী সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির অতিরিক্ত সতর্কতা জারি
বিজিবি সদর দপ্তর থেকে নির্দেশনা পাওয়ার পর বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে হিলি সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী। তিনি বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী সকল বিওপি (বর্ডার আউটপোস্ট) ও চেকপোস্টকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
তল্লাশি ও নজরদারি জোরদার
চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে, যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ না ঘটে। লে. কর্নেল লতিফুল বারী আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনপরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিজিবি এই সতর্কতা বাড়িয়েছে। সীমান্ত এলাকায় জনসাধারণের চলাচলও নজরদারিতে রাখা হচ্ছে।



