রাঙামাটিতে বন্য শূকরের আক্রমণে নারী আহত, চট্টগ্রামে স্থানান্তর
রাঙামাটিতে বন্য শূকরের আক্রমণে নারী আহত

রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের কলাবুনিয়া বাজারে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন আল্পনা চাকমা (৩৯)। পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ জঙ্গল থেকে একটি বন্য শূকর দৌড়ে এসে তাঁকে মাটিতে ফেলে দেয়। এরপর পায়ে ও কোমরে কামড়ে দেয়। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উজ্জাংছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

স্থানীয় কার্বারি প্রমিশ চাকমা জানান, আল্পনা চাকমা কলাবুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। উজ্জাংছড়ি রাস্তার পাশের জঙ্গল থেকে একটি বড় বন্য শূকর দৌড়ে এসে তাঁকে ধাক্কা দেয় এবং পায়ে ও কোমরে কামড় দেয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে শূকরটি জঙ্গলে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

চিকিৎসা ও স্থানান্তর

প্রথমে তাঁকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রক্ত দেওয়া হয়, কিন্তু প্রচুর রক্তক্ষরণ হওয়ায় অবস্থার উন্নতি না হওয়ায় দিবাগত রাত দুইটায় চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান এ তথ্য নিশ্চিত করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের বক্তব্য

ভূষণছড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের প্রশাসক মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্য শূকরের আক্রমণে আহত এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরকল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, ঘটনার খবর শোনেননি। এলাকাটি দুর্গম, খবর নিয়ে বিস্তারিত জানা যাবে। তবে বন্য শূকরের আক্রমণে আহত বা ক্ষতিগ্রস্ত হলে বন বিভাগের পক্ষ থেকে সাহায্য করা হয় না বলে জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ