খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও হামলা
খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও হামলা

খুলনায় রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সও লক্ষ্য করে ফের গুলি করে দুর্বৃত্তরা।

ঘটনার বিবরণ

সোমবার মহানগরীর লবণচরা থানা এলাকার কোবা মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঠিক কখন এ হামলা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি কেউ। আহতের সঙ্গে থাকা এক নারী জানান, গুলিবিদ্ধ রাজু তার ছেলের বন্ধু। আহত অবস্থায় তিনি তাদের বাড়িতে আশ্রয় নেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রাজু হাওলাদার লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার আজাদ মাস্টার সংলগ্ন ইউনুস হাওলাদারের ছেলে বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাকে খুমেকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথেও হামলার শিকার হয় অ্যাম্বুলেন্সটি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অ্যাম্বুলেন্সে হামলা

রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে গুলি চালায়। অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রওনা দেওয়ার পর কুদির বটতলা এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় গুলি গাড়িতে লাগলে তিনি দ্রুত গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে আশ্রয় নেন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, গুলিবিদ্ধ রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সে হামলার ঘটনা ঘটেছে। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তদন্ত ও আইনি ব্যবস্থা

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, লবণচরা এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তবে কোথায় ও কখন তার ওপর হামলা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। পুলিশ ঘটনাস্থল ও অ্যাম্বুলেন্স থেকে প্রমাণ সংগ্রহ করে তদন্ত চালিয়ে যাচ্ছে।