ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের চাপায় ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ
জানা গেছে, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি এবং সড়কে উল্টে যায় ট্রাকটি। এ সময় ট্রাকের চালক, চালকের সহকারী ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা যায়নি।
ফায়ার সার্ভিসের বক্তব্য
স্থানীয় ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত তিন নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
পুলিশের কার্যক্রম
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ট্রাকটি সরানোর জন্য ময়মনসিংহ থেকে ক্রেন আনা হচ্ছে। তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও ওসি জানান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১টা) ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।



