ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই ঘটনাস্থলে মারা যান।
দুর্ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে যায়।
আহত ও উদ্ধার
দুর্ঘটনার পর ট্রাকের চালক, চালকের সহকারী ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা যায়নি। ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ফাহিম হোসেন বলেন, ট্রাক ও সিএনজি দুটোই দ্রুতগতিতে চলছিল। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়। আরেক প্রত্যক্ষদর্শী ওমর ফারুক বলেন, ‘আমি অন্য একটি অটোরিকশার যাত্রী ছিলাম। এই সড়ক দিয়েই আসতেছিলাম। দেখি, দুর্ঘটনার কবলে পড়ে তিন নারী সড়কে পড়ে ছিলেন। দৌড়ে এসে তাঁদের সড়কের পাশে নিয়ে আসি। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়।’



