মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মসজিদের ভেতরে ফজরের নামাজের সময় এক মুসল্লিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে রোববার (৩ মে) ভোরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত ব্যক্তির নাম হাফিজ মিয়া, তিনি লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় জসিম মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। তার বাড়িও একই এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান হাফিজ মিয়া। নামাজের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ জসিম মিয়া তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এরপর মসজিদের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাফিজ। পরে পুলিশ অভিযান চালিয়ে জসিমকে আটক করে।
হত্যার কারণ এখনো অজানা
কী কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে তা অবশ্য জানাতে পারেননি স্থানীয়রা। তবে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশের বক্তব্য
শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে হামলাকারীকে আটক করে। তিনি আমাদের হেফাজতে রয়েছেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



