প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টায় নিজ দলের গুলিতে ডাকাত নিহত
প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টায় নিজ দলের গুলিতে নিহত

মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে এক ডাকাত নিজ দলের সদস্যের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

নিহত ডাকাতের নাম সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে। ঘটনার সময় ভারি বর্ষণের সুযোগে একদল সশস্ত্র ডাকাত প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। দরজা ভাঙার শব্দে বাড়িতে বসবাসকারী নিকটাত্মীয় গিয়াস উদ্দিন জেগে ওঠেন এবং দরজার গ্রিল ধরে রাখেন ও চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন।

গুলির ঘটনা

একপর্যায়ে ডাকাত দলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে অন্ধকারে ছোড়া গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার সামনে থাকা ডাকাত সদস্য সাইফুল ইসলামের মাথায় বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে অন্য ডাকাতরা গুলিবিদ্ধ সঙ্গীকে ফেলে দ্রুত পালিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের তৎপরতা

সকালে খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে বিকালে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নোবেল চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মামলা ও তদন্ত

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, ঘটনাস্থল থেকে নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্য ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ