টাঙ্গাইলের সখীপুরে এক মর্মান্তিক ঘটনায় নাতির চিকিৎসার অর্থ যোগাতে গিয়ে প্রাণ হারিয়েছেন নানা রিয়াজ উদ্দিন। শনিবার বিকালে সখীপুর সিস্টোর সড়কের মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকাল ১০টায় তার জানাজা সম্পন্ন হয়েছে।
দুর্ঘটনার বিবরণ
পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় নাতি রিদুয়ান। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সে। তার চিকিৎসার ব্যয় মেটাতে অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই রিয়াজ উদ্দিন বাড়ি থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
প্রাথমিক চিকিৎসা ও মৃত্যু
স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাতির কষ্ট লাঘবের চেষ্টা শেষ পর্যন্ত পরিণত হয় এক শোকগাথায়।
পরিবারের বক্তব্য
নিহতের ছেলে বাবুল বলেন, 'আমার বাবা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। এমন ঘটনা আর না ঘটুক—এটাই আমাদের একমাত্র চাওয়া।'
স্থানীয় নেতার প্রতিক্রিয়া
সখীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা বলেন, 'আমাদের সখীপুরে প্রতিনিয়ত মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েই চলেছে। এজন্য অভিভাবকদের সচেতন হতে হবে, যাতে কিশোরদের মোটরসাইকেল কিনে না দেয়। আর নাতিন হাসপাতালে ভর্তি মোটরসাইকেল দুর্ঘটনায় তার চিকিৎসার অর্থ যোগাতে গিয়ে নানা মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ রকম ঘটনা যাতে আর না ঘটে।'
রিয়াজ সখীপুর উপজেলার কালিয়ানপাড়া গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



