মিরপুরে ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী মহসিন
মিরপুরে ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার এফএম স্কুলমাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মহসিন (১৭) নামের এক কিশোর আহত হয়েছে। সে ওই স্কুলেরই এসএসসি পরীক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ

মহসিনদের বাসা মিরপুর মাজার রোডের দ্বিতীয় কলোনিতে। হাসপাতালে তার বাবা নূর আল আমিন জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়তে বেরিয়ে ছেলে আর বাসায় ফেরেনি। বিকেল চারটার দিকে স্কুলমাঠে বসে থাকার সময় ১০-১২ জন যুবক মহসিনকে মারধর করে। একপর্যায়ে তার পেটে ছুরি মেরে তারা পালিয়ে যায়। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় মহসিনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে কারা, কেন ছেলের ওপর এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

পুলিশের কার্যক্রম

এ বিষয়ে রাতে যোগাযোগ করা হলে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, কিশোর মহসিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মহসিনের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ