নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে রয়না ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুদের পরিচয়
নিহত দুই শিশুর নাম ইজাজ হোসেন (৪ মাস) ও ইহান হোসেন (৪)। তারা রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরের বাসিন্দা আকিব হোসেনের ছেলে। তিনি পেশায় প্রকৌশলী।
দুর্ঘটনার বিবরণ
বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, আকিব হোসেন মাইক্রোবাসে করে সপরিবার ঢাকায় যাচ্ছিলেন। বিকেলে বড়াইগ্রাম উপজেলার রয়না ফিলিং স্টেশন এলাকায় বিপরীতমুখী আমবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ছেলে ইজাজ হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আকিব, তাঁর স্ত্রী এ্যানী আক্তার, ছেলে ইহান হোসেন ও আকিবের মা কনা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। হাসপাতালে নেওয়ার পথেই শিশু ইহানের মৃত্যু হয়। আহত তিনজন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন।
পুলিশের বক্তব্য
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার করে হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



