চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ছয়জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ছয়জন নিহত

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিদের পরিচয়

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আবদুল্লাহ; শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আবদুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণ পাড়ার ফিটু আলীর ছেলে মো. মেসবাউল এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম ও গোসাইপুর গ্রামের মো. শফিউলের ছেলে হাসান আলী (লালু)।

শিবগঞ্জের ঘটনা

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, শিবগঞ্জের তিনজনই মারা গেছেন বাড়িসংলগ্ন আমবাগানে। ঝড়বৃষ্টির মধ্যে বাগানে আম কুড়াতে গিয়ে তারা মারা যান। ওই তিন পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অর্থসহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সদর ও নাচোলের ঘটনা

সদর থানার ওসি একরামুল হোসাইন বলেন, সদর উপজেলার আতাহারে বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে যায় আবদুল্লাহ (১৭)। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বজ্রপাতে গরুটিও মারা যায়।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, উপজেলার লাহপাড়ায় মাঠে ঘাস কেটে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার সময় সুমিয়ারা বেগম বজ্রপাতে মারা যান। এ ছাড়া গোসাইপুর গ্রামের হাসান আলী নামের এক তরুণ আম বাগানে বজ্রপাতে মারা গেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ