নাটোর সদর উপজেলায় ফুচকা খাওয়ানোর লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শরিফুল ইসলাম (৪৫) নামে এক ফুচকা ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে মদনহাট এলাকায় আব্বাস আলীর ছেলে শরিফুল ইসলাম শিশুটিকে ফুচকা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভুট্টাখেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। পরে শিশুটিকে হুমকি দেয় যে, ঘটনা কাউকে জানালে তাকে জবাই করে মেরে ফেলা হবে।
শিশুর শারীরিক অবস্থা
ধর্ষণের পর শিশুটির অস্বাভাবিক আচরণ ও অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। বুধবার শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গণপিটুনি ও গ্রেপ্তার
বুধবার সন্ধ্যায় ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শরিফুলকে তার বাড়ি থেকে বের করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশের হাতে সোপর্দ করে। নাটোর থানার ওসি মনসুর রহমান জানান, খবর পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়। মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সফর
ঘটনার পর জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার শরীফুল হক, নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা হাসপাতালে শিশু ও তার পরিবারের সঙ্গে দেখা করেন।
হুইপ দুলুর বক্তব্য
হুইপ দুলু সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার কোনো খুন-ধর্ষণকে বরদাশত করবে না। দোষী যত বড় ক্ষমতাশালী হোক না কেন দ্রুত তার বিচার করতে হবে। তিনি প্রশাসনকে অল্প সময়ের মধ্যে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে বিচারকাজ শুরু করার আহ্বান জানান।
মানববন্ধন ও বিক্ষোভ
ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় নাটোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে দেশের সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
ভুক্তভোগী পরিবারের দাবি
ভুক্তভোগী শিশুটির বাবা একজন দিনমজুর। শিশুটির ওপর এমন অমানবিক ও পাশবিক নির্যাতনের ঘটনায় তার বাবা ও এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শিশুটির মা বাদী হয়ে শরিফুল ইসলামকে আসামি করে নাটোর সদর থানায় মামলা দায়ের করেছেন।



