ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
সংঘর্ষের কারণ ও বিবরণ
পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার করা নিয়ে ওই গ্রামের ইউপি সদস্য কপিল উদ্দিন ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর।
পুলিশের হস্তক্ষেপ ও বর্তমান পরিস্থিতি
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



