মানিকগঞ্জ সদর উপজেলায় তরল অক্সিজেনবাহী লড়ির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আগুন লেগে বাস ও যাত্রীদের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনার বিবরণ
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। পরে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত যান দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নিলে প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রের তথ্য
সদর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ঢাকার গাবতলী থেকে এফকে পরিবহনের একটি বাস কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে আসে। বাসের যাত্রীরা পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় কুষ্টিয়াগামী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা তরল অক্সিজেনবাহী একটি লড়ির সংঘর্ষ হয়। এতে বাসটিতে আগুন ধরে যায়। এ সময় বাসের যাত্রীরা বাসের দরজা ও জানালা দিয়ে হুড়োহুড়ি করে নেমে যান। এতে বেশ কয়েকজন আহত হন।
উদ্ধার অভিযান
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাস ও যাত্রীদের বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ ঘটনায় দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য
আজ বেলা দুইটার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় রবিউর ইসলাম নামের এক বাসযাত্রীর। ওই যাত্রী জানান, ঈদে স্ত্রী-সন্তান নিয়ে তিনি কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে যাচ্ছেন। তাঁদের বাসের সামনের একাংশের সঙ্গে তরল অক্সিজেনবাহী লড়ির সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন লেগে যায়। এরপরই এক সন্তানকে নিয়ে তিনি ও তাঁর স্ত্রী বাসের জানালা দিয়ে নেমে পড়েন। এ সময় তাঁরা সামান্য আহত হন। বাসে থাকা তাঁদের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। অন্য যাত্রীদের মালামালও পুড়ে গেছে।
পুলিশের বক্তব্য
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার পর সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যান দুটিকে সরিয়ে নেওয়া হলে চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।



