পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌ দুর্ঘটনা এড়াতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুভর্তি ট্রলার ও বাল্কহেড চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় জেলা প্রশাসন। প্রশাসনের এই নিষেধাজ্ঞা অমান্য করে শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে অবৈধভাবে চলাচলকারী বাল্কহেডটি জব্দ করা হয়েছে।
গ্রেফতারের ঘটনা
রোববার (২৪ মে) বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের শম্ভুপুরা সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। গ্রেফতাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার রাণীদিয়া গ্রামের আবদুল মালেকের ছেলে বাল্কহেডচালক (সুকানি) শফিকুল ইসলাম এবং সুনামগঞ্জের জামালগঞ্জ থানার লালপুর গ্রামের আলম হোসেনের ছেলে গ্রিজার আফজাল হোসেন।
পুলিশের বক্তব্য
কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির উপ-সহকারী পুলিশ কর্মকর্তা মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের নৌপথে যাতায়াত নিরাপদ করতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে শীতলক্ষ্যা নদীতে সব ধরনের বাল্কহেড চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বেপরোয়া গতিতে বাল্কহেডটি চলাচল করছিল। নৌ নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শুকানি ও গ্রিজারকে গ্রেফতার এবং বাল্কহেডটি জব্দ করা হয়।
নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও নৌ পুলিশের এই অভিযান ঈদ পরবর্তী তিনদিন পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।



