রাজশাহীতে পদ্মা নদী থেকে হাতবাঁধা যুবকের লাশ উদ্ধার
রাজশাহীতে পদ্মা নদী থেকে হাতবাঁধা যুবকের লাশ উদ্ধার

রাজশাহীর পদ্মা নদী থেকে হাত বাঁধা ও গলায় গামছা প্যাঁচানো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশে পচন ধরায় আঙুলের ছাপ নিয়েও জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার বিবরণ

শনিবার (২৩ মে) সন্ধ্যায় মহানগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ২৩ বছর। তার পরনে নেভি ব্লু রঙের জিন্স প্যান্ট ও টিয়া রঙের টি-শার্ট ছিল। গামছার একটি অংশ তার গলায় প্যাঁচানো এবং অপর অংশ দিয়ে হাত বাঁধা ছিল।

পুলিশের বক্তব্য

মহানগরীর বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে তাকে এই এলাকায় হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে, নাকি লাশ দূর থেকে ভেসে এসেছে—তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, যেখান থেকে লাশ উদ্ধার হয়েছে, সেটি নৌ পুলিশের অধীন। তাই এ বিষয়ে নৌ পুলিশই আইনি পদক্ষেপ নেবে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় তার থানায় কোনো মামলা হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শনাক্তকরণের প্রচেষ্টা

রাজশাহী মহানগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ মণ্ডল জানান, লাশ উদ্ধারের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতায় আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়েছে। তবে কয়েক দিন আগে মৃত্যু হওয়ায় লাশে পচন ধরেছে। সঠিকভাবে আঙুলের ছাপ না পাওয়ায় তথ্যভান্ডারের সঙ্গে মিলেনি। ফলে এ পদ্ধতিতে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরবর্তী পদক্ষেপ

তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লাশের দাফন ও মামলা দায়েরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় নৌ পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ