বাকেরগঞ্জে জমি বিবাদে বৃদ্ধ খুন, আহত ৪
বাকেরগঞ্জে জমি বিবাদে বৃদ্ধ খুন, আহত ৪

বরিশালের বাকেরগঞ্জে একটি জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে হালিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। শুক্রবার (১৫ মে) বিকেল ৩টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয়

নিহত হালিম হাওলাদার হেলেঞ্চা গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের মেঝ ছেলে। এ ঘটনায় আরও আহত হয়েছেন নিহতের ছোট ভাই মালেক হাওলাদার (৬৫), দেলোয়ার হাওলাদার (৫০), ভাগ্নে মিজানুর রহমান (৪০) এবং খবির শিকদার (৫০)। প্রাথমিকভাবে আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছুক্ষণ পর হালিম হাওলাদার মারা যান।

ঘটনার বিবরণ

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই শহিদুল ইসলাম জানান, নিহতের ছোট ভাই দেলোয়ার শিকদারের কেনা একটি জমি নিয়ে একই এলাকার রিপন হাওলাদার, আউয়াল মেম্বার, সুমন হাওলাদার ও উজ্জ্বল গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার দেলোয়ার হাওলাদার ওই জমিতে বালু ভরাটের চেষ্টা করলে বিকেল ৩টার দিকে রিপন ও আউয়াল মেম্বারের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় ধারালো অস্ত্র, রড, বাঁশ, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় বাঁশের আঘাতে নিহত হালিম হাওলাদার মাটিতে লুটিয়ে পড়লে তার বুকে বাঁশ দিয়ে খোঁচানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহতের বক্তব্য

নিহতের ছোট ভাই দেলোয়ার হাওলাদার বলেন, 'আমার কেনা একটি জমিতে বালু ভরাট করতে গেলে রিপন হাওলাদার, আউয়াল মেম্বারের নেতৃত্বে ২০-২৫ জন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আমি সহ ৫-৬ জন আহত হই। এর মধ্যে আমার বড় ভাই মারা যায়।'

পুলিশের বক্তব্য

বাকেরগঞ্জ থানা ওসি আদিল হোসেন বলেন, 'বিরোধীপূর্ণ জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে হামলার ঘটনায় হালিম হাওলাদার নামে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ