কুড়িগ্রাম জেলার ভারতীয় সীমান্তবর্তী প্রায় ১৯৮ কিলোমিটার এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে।
ভারতের অস্থিরতার প্রভাব
ভারতের অভ্যন্তরে চলমান রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এই পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এসব তথ্য জানান।
বিজিবির পদক্ষেপ
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। ব্যাটালিয়নের অধীন প্রতিটি বিওপি থেকে দিন-রাত সীমান্তে টহল পরিচালনা করা হচ্ছে।
এছাড়া সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নজরদারি বসানো হয়েছে। যেকোনো সন্দেহজনক গতিবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।
জিরো টলারেন্স নীতি
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত চোরাচালান বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।



