২০১২ সালে ভারতের রাজধানী দিল্লিতে বাসে নির্ভয়া নামে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা ভারত। চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। নির্ভয়া ঘটনার প্রায় ১৪ বছর পর ফের দিল্লিতে বাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
ঘটনার বিবরণ
প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানায়, গত সোমবার দিল্লির একটি স্লিপার বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এই ঘটনায় ওই বাসের চালক ও হেলপারকে আজ (বৃহস্পতিবার) গ্রেফতার করা হয়েছে। থানায় দেওয়া অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নারীকে বাসে দু'জন ধর্ষণ করে। দিল্লির রানি বাঘ এলাকায় গত সোমবার রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী প্রিতমপুরার বস্তিতে থাকতেন এবং মানগোলপুরির একটি কারখানায় কাজ করেন।
পুলিশের পদক্ষেপ
দিল্লি পুলিশ বলছে, ধর্ষণের কাজে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ১১ মে রাতে ওই নারী কাজ শেষে বাড়ি ফিরছিলেন, যা তিনি প্রতিদিনই করে থাকেন। সরস্বতী বিহার স্টপেজে ভুক্তভোগী নারী একা দাঁড়িয়ে ছিলেন। ওই সময় একটি স্লিপার বাস সেখানে দাঁড়ায়। বাস থেকে দু'জন নেমে ওই নারীকে জোর করে বাসে তোলেন। এরপর বাসটি নানঙ্গলি এলাকার দিকে যায়, যেখানে ধর্ষণের ঘটনাটি ঘটে।
পুলিশের তথ্যমতে, ভুক্তভোগী নারী বিবাহিত এবং তিন সন্তানের মা। শারীরিক পরীক্ষা শেষে মামলা হয় ও আসামিদের গ্রেফতার করা হয়।
রাজনৈতিক প্রতিক্রিয়া
দিল্লিতে সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেছে আম আদমি পার্টির নেতারা। তারা ঘটনাটিকে 'নির্ভয়া' ঘটনার পুনরাবৃত্তি বলে উল্লেখ করেছেন এবং রাজধানীতে নারীদের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন। দিল্লির সাবেক ডেপুটি চিফ মিনিস্টার মনিশ সিসোদিয়া সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, 'দিল্লিতে আরেকটি নির্ভয়া ঘটনা ঘটে গেল। নারীরা স্কুল ও বাসে সুরক্ষিত নয়।' আম আদমি পার্টির দিল্লির প্রধান সুয়ারাভ বারাদওয়াজ এক্সে লেখেন, 'খুবই লজ্জাজনক-নির্ভয়াকাণ্ডের পুনরাবৃত্তি হলো। ৩০ বছর বয়সী এক নারীকে জোর করে বাসে তুলে একাধিকবার ধর্ষণ করা হলো।'
পটভূমি
২০১২ সালের ডিসেম্বরে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী নির্ভয়াকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে হাসপাতালে মারা যান এই তরুণী। এই ঘটনায় দোষী সাব্যস্ত চার ধর্ষক ও হত্যাকারীর ফাঁসি কার্যকর করা হয়েছে।



