কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ও বিজরা বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। আগামী শনিবার এই সড়ক দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরের কথা রয়েছে। তাঁর সফরের দুই দিন আগে মহাসড়ক দখলমুক্ত করল সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও উপজেলা প্রশাসন।
দীর্ঘদিনের দখলদারি
এর আগে গত বছরের ২০ আগস্ট ওই দুটি বাজারে অভিযান চালিয়ে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে সওজের জায়গা দখল করে ছোট-বড় দোকান, টিনশেড ঘর ও অস্থায়ী অবকাঠামো গড়ে তোলা হয়েছিল। এর ফলে ওই এলাকায় নিয়মিত তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা স্থাপনা সরিয়ে নেয়নি। অবশেষে আজ বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব
অভিযানে নেতৃত্ব দেন লাকসাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এবং কুমিল্লা সওজের উপবিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আদনান ইবনে হাসান জানান, জনস্বার্থে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এই উচ্ছেদ চালানো হয়েছে। মহাসড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই এবং ভবিষ্যতে এমন অপতৎপরতা চললে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা প্রায় ৮ মাস আগেও এই দুটি বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। নতুন করে আবার এসব অবৈধ স্থাপনা গড়ে ওঠায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।’
স্থানীয়দের উদ্বেগ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এই বাজারগুলোয় অবৈধ দখলদারি চলে। প্রশাসনের নিয়মিত তদারকি না থাকলে আবারও সড়কটি বেদখল হওয়ার আশঙ্কা আছে।
প্রধানমন্ত্রীর সফর
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী শনিবার চাঁদপুর সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেবেন। ওই দিন বেলা ১১টায় তাঁর যাত্রাবিরতির কথা রয়েছে। এক দিনের এই সফরে তিনি চাঁদপুরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং জেলা বিএনপির সাংগঠনিক সভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সড়কের দুই পাশের প্রতিবন্ধকতা অপসারণ করা হচ্ছে। পাশাপাশি নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের প্রস্তুতিও।



