বাগেরহাটের শরণখোলায় বনরক্ষীদের কুপিয়ে হরিণ শিকারিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বুধবার (১৩ মে) দুপুরে শরণখোলা থানায় মামলা দায়ের হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ারখাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার বিবরণ
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবের এর নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার বিকেলে সুন্দরবনের চরখালী বনাঞ্চলের শুয়োরগুদি এলাকায় টহল কালে বনের মধ্যে হরিণ শিকারিদের দেখতে পান। বনরক্ষীদের দেখে শিকারিরা ঘটনাস্থলের অদূরে থাকা তাদের ট্রলারে উঠে দ্রুত লোকালয়ের দিকে পালাতে থাকে। বনরক্ষীরাও ট্রলার নিয়ে তাদের পিছু ধাওয়া করে।
শিকারি লোকালয়ের কালিয়ারখাল এলাকায় উঠে গেলে বনরক্ষীরা ওই এলাকার চিহ্নিত হরিণ শিকারি কুদ্দুস রাজাকে আটক করতে সক্ষম হয়। আটক শিকারি নিয়ে আসার সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে বনরক্ষীদের ওপর হামলা করে। এক পর্যায়ে চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবের ও বন বিভাগের নৌকাচালক অপূর্ব কুমার সাহাকে কুপিয়ে আহত করে শিকারি কুদ্দুস রাজাকে ছিনিয়ে নিয়ে যায়।
আহত বনরক্ষীদের চিকিৎসা ও মামলা
ঘটনার পরে মঙ্গলবার রাতে আহত দুই বনরক্ষীকে শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় থানায় মামলা করা হবে। শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক বলেন, বনরক্ষীদের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।



