ঢাকার কেরানীগঞ্জে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১৩ মে) দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ ও দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন পুলিশ।
দুর্ঘটনার বিবরণ
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনে তেঘরিয়া যাত্রী ছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. নাদিম (১৫) ও মো. রাজন (১৪)। তারা দক্ষিণ কেরানীগঞ্জ থানার পারগেন্ডারিয়া এলাকার ইদু মিয়ার ছেলে।
ঘটনার পরিস্থিতি
হাসাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নাদিম, রাজন ও তাদের দুই বন্ধু মিলে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে চা খাওয়ার উদ্দেশ্যে হাসনাবাদ এলাকায় যাচ্ছিলেন। পথে তেঘরিয়া এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাদিম ও রাজন নামের আপন দুই ভাই নিহত হন। এছাড়া অপর দুজন গুরুতর আহত হন।
উদ্ধার ও চিকিৎসা
পথচারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের বক্তব্য
হাসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ও তার সহযোগী পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



