গাজীপুরে যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি: ‘আসবি না, মাইরা ফালামু’
গাজীপুরে যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ মহানগর যুবলীগের ব্যানারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নেতাকর্মীদের বলতে শোনা যায়, ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। আসলে মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’

মিছিলের ঘটনা

রোববার সকাল সাড়ে ৬টার দিকে নগরের বাসন এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে কার্যক্রম নিষিদ্ধ মহানগর যুবলীগের ব্যানারে এই মিছিল করা হয়। মিছিলে ২০-৩০ জন নেতাকর্মী অংশ নেন। তারা শাকিল এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিল, ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’ ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল।

পুলিশের উপস্থিতি ও হুমকি

মিছিলকারীরা স্লোগান দিতে দিতে গাছা এলাকার দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের বিপরীত পাশ থেকে কয়েকজন পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে এলে মিছিলকারীদের কয়েকজন তাদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের হুমকিমূলক বক্তব্য দিতে থাকেন। ভিডিওতে দেখা যায়, তারা পুলিশকে উদ্দেশ্য করে ‘আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

মহানগরের বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। তবে এটি আজকের নাকি আগের কোনো ঘটনার তা যাচাই-বাছাই করা হচ্ছে।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, রোববার সকালে মিছিলটি হয়েছে বলে তথ্য পেয়েছেন। পুলিশ ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ