বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম সাগরের ইয়াবা ট্যাবলেট সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, তিনি একটি ঘরের বারান্দায় খাটের ওপর বসে ইয়াবা সেবন করছেন। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে থাকা অপর একজন ব্যক্তি তার অজান্তেই ভিডিওটি ধারণ করেন। ভিডিওটির দৈর্ঘ্য প্রায় এক মিনিট।
যুবদল নেতার পরিচয় ও পূর্ব অভিযোগ
জহুরুল ইসলাম সাগর ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামের সামসুল হকের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির অভিযোগ থাকলেও কেউ ভয়ে মুখ খোলার সাহস করেনি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর গ্রামজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
ভিডিও ভাইরালের ঘটনা ও প্রতিক্রিয়া
ভিডিওতে দেখা যায়, জহুরুল ইসলাম সাগর ঘরের বারান্দায় খাটের ওপর বসে ইয়াবা সেবন করছেন। এ সময় তার পাশে আরও একজন উপস্থিত থাকলেও তাকে চেনা যায়নি। ওই ব্যক্তিই ভিডিওটি ধারণ করেন বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাগরের মোবাইল ফোন বন্ধ থাকায় এবং তিনি বাড়িতে না থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ
এ প্রসঙ্গে ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু বলেন, 'যুবদলে কোনো মাদকসেবী বা সন্ত্রাসীর জায়গা হবে না। ভিডিওটি আমার নজরে এসেছে। ইতিমধ্যেই ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে জহুরুল ইসলাম সাগরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'
উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সাগর উপজেলায় দলের নামে বিভিন্ন অপকর্মে লিপ্ত হন বলে অভিযোগ রয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় নেতাকর্মীরা বিব্রতকর অবস্থায় পড়েন।



