খাগড়াছড়ির দীঘিনালায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে দীঘিনালা থানাধীন মেরুং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা কারা
গ্রেফতারকৃতরা হলেন- মেরুং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আব্দুল হান্নান (৪৫) এবং মেরুং ইউনিয়নের দক্ষিণ শাখার সহ-সভাপতি নুর মোহাম্মদ (৩০)।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় দীঘিনালা থানার মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ
ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩ (অবৈধ সমাবেশ), ৩৪১ (ভুলভাবে আটক), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত), ৩২৫ (আঘাত), ৩০৭ (খুনের চেষ্টা), ৩৭৯ (চুরি), ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ও ১১৪ (অপরাধে সহায়তা) ধারায় দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি ইকবাল বাহার।



