বাউফলে সংঘর্ষ মামলায় ছাত্রশিবির নেতা গ্রেপ্তার
বাউফলে সংঘর্ষ মামলায় ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

বাউফল উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালাইয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের কাপুরিয়াপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান উপজেলা ছাত্রশিবিরের কালাইয়া ইউনিয়ন শাখার সভাপতি।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে প্রথমে কালাইয়া মোল্লা মাকের্ট এলাকায় পরে দাসপাড়া বাসস্টান্ড এলাকায় বিএনপি ও জামায়াত-সমর্থিত নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।

মামলা ও গ্রেপ্তার

এ ঘটনায় আল মামুন নামে এক বিএনপি নেতা বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক নেতা এএনএম জাহাঙ্গির হোসেনকে প্রধান করে ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জন আসামি করা হয়। একই মামলায় ছাত্রশিবির নেতা মো. ইমরান হোসেনকেও আসামি করা হয়েছে। ওই মামলার ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "মামলার এজাহারভুক্ত আসামি মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ