জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে দলাদলির রাজনীতি চলতে থাকলে দেশ কখনোই সঠিক পথে এগোবে না। রাজনীতি হতে হবে ভালো ও খারাপের ভিত্তিতে। যারা চাঁদাবাজি, জমি দখল, মাদক ও খুনখারাবির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। যারা ভালো কাজ করবে, তাদের পাশে দাঁড়াতে হবে। তবেই রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন সম্ভব।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মুক্তমঞ্চে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ সংকট ও লোডশেডিং নিয়ে প্রশ্ন
বিএনপি সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, সরকার বিদ্যুৎ–সংকট নেই বলে দাবি করলেও বাস্তবে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে। শুধু আশ্বাস নয়, কথার সঙ্গে কাজের মিল দেখতে চায় মানুষ। দেশের রাজনীতিতে পরিবর্তন আনতে হলে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে গিয়ে মানুষের কথা শুনতে হবে এবং তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।
তিনি বিদ্যুৎ–মন্ত্রীর উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে লোডশেডিং আছে নাকি নাই? বিদ্যুৎ–মন্ত্রীকে বলতে চাই, ৬৪ জেলাকে বাদ দিলাম, আপনার সিরাজগঞ্জ জন্মভূমির জনগণকে বললেও সাক্ষী দেবে। সিরাজগঞ্জে লোডশেডিং হয়। আমরা শুধু কথার ফুলঝুরি দেখতে চাই না। কথার সাথে কাজের মিল চাই। আমরা কাজের বাস্তবায়ন দেখতে চাই।’
বেকারত্ব ও তরুণদের হতাশা
কর্মসংস্থান প্রসঙ্গে সারজিস আলম বলেন, নির্বাচনী ইশতেহারে বিপুলসংখ্যক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল; কিন্তু এখনো অনেক তরুণ বেকার রয়েছেন। নতুন কর্মসংস্থানের ব্যবস্থা না হলে তরুণদের হতাশা আরও বাড়বে। যে কারণে বেকার তরুণেরা আবারও বিপ্লবী হয়ে উঠবে।
স্থানীয় সরকার নির্বাচনে সতর্কতা
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস বলেন, অতীতের মতো প্রশাসন বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই ভোট সুরক্ষায় জনগণকে সজাগ থাকার আহ্বান জানান। কোনো রাজনৈতিক দলের নয়, পুলিশ সদস্যদের জনগণের আস্থা অর্জনের জন্য নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
প্রার্থী পরিচয় ও ভোট চাওয়া
অনুষ্ঠান শেষে সারজিস আলম আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি মনোনীত উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জাতীয় যুবশক্তির সহসাংগঠনিক সম্পাদক মোশাররফ আদনান এবং এনসিপি মনোনীত উল্লাপাড়া পৌরসভার মেয়র প্রার্থী ও এনসিপি সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্যসচিব আবদুল্লাহ আল মামুনকে পরিচয় করিয়ে দেন। সেই সঙ্গে তাঁদের একযোগে ভোট দিতে অনুরোধ জানান।
এ সময় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, মাহিন সরকার, এনসিপি নেতা সারোয়ার তুষার, এনসিপি মনোনীত উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোশাররফ আদনান, এনসিপি মনোনীত উল্লাপাড়া পৌরসভার মেয়র প্রার্থী আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এর আগে বিকেল পৌনে পাঁচটার দিকে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ চত্বরে থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে একটি পদযাত্রা বের হয়ে পৌর মুক্তমঞ্চে এসে শেষ হয়। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি।



