জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি পদত্যাগের ঘোষণা দেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগের কারণ
লাইভে পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাহিদুর রহমান তালুকদার বলেন, ‘এনসিপির কর্মপরিবেশ বা ওয়ার্ক এনভায়রনমেন্টের সঙ্গে আমি হয়তো নিজেকে খাপ খাওয়াতে পারিনি, অথবা এনসিপিও আমার সঙ্গে এডাপ্টেবল নয়। এজন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি একজন রাজনৈতিক সচেতন মানুষ এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এই মুহূর্তে কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না।’
ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা
ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাইয়ের চেতনা থেকে প্রশাসনিক, শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ভবিষ্যতে যদি কোনও দলকে সেই প্রত্যাশা বাস্তবায়নের জন্য উপযুক্ত মনে হয়, তাহলে সে দলে যোগদানের বিষয়টি বিবেচনা করবো।’
পূর্ববর্তী দায়িত্ব
২০২৫ সালের ১৩ জুন এনসিপি মানিকগঞ্জ জেলায় ২৭ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করে। ওই কমিটিতে অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদারকে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে একই বছরের ৩ ডিসেম্বর ওই কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ দলীয় ও সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোয় ফেসবুক লাইভে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।



