চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য ফাইয়াজ তাজরিয়ান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে নগরীর মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারের জিইসি অংশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, রাতে ফ্লাইওভারের ওই অংশে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ফাইয়াজ বাইক চালিয়ে লালখান বাজারের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়।
এনসিপির বক্তব্য
চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল এবং ফ্লাইওভারের লাইটও বন্ধ ছিল। ফাইয়াজ মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে পেছন থেকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



