আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে শহরের বড়স্টেশন এলাকার তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিবরণ
ফরিদা ইলিয়াস ওই এলাকার মৃত আবদুল গফুরের মেয়ে। তিনি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আস্থাভাজন ছিলেন। জানা যায়, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে ছিলেন। গত কয়েক মাস চাঁদপুরে প্রকাশ্যে আসেন। সেই সঙ্গে দলীয় বিভিন্ন কর্মকাণ্ডের নতুন-পুরনো ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন।
পুলিশের অভিযান
সকালে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির ও চাঁদপুর সদর মডেল থানার (ওসি) ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।
মামলা ও পরবর্তী পদক্ষেপ
চাঁদপুর সদর মডেল থানার (ওসি) ফয়েজ আহমেদ জানান, তার বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসবিরোধীসহ একাধিক মামলা রয়েছে। আটকের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



