লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনাটি রাজনৈতিক বিষয় নয় এবং হিন্দু-মুসলমানের বিষয়ও নয়। এটা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা যাবে না।
ঘটনাস্থল পরিদর্শন ও বক্তব্য
শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টার সময় রায়পুর পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীরপাড় এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। খায়ের ভূঁইয়া বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যা হবে আমরা তা আশা করি। এর সঙ্গে যদি অন্য কেউ জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা হিন্দু-মুসলমানের বিষয় নয়। এটাকে পুঁজি করে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা যাবে না।
ভুল তথ্য প্রচারের অভিযোগ
তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আমলের দোষর একটি মিডিয়া এটাকে কৌশল করে ভুল তথ্য প্রচার করে বিতর্ক সৃষ্টি করতে চায়। আমরা সাবধান করে দিচ্ছি- দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কেউ যদি চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের প্রতি আহ্বান
তিনি বলেন, আমরা সবাই ভাই-ভাই। এখানে আমরা সব সাংবাদিকদের চিনি-জানি। কোনো উস্কানিমূলক মিথ্যা তথ্য সরবরাহ করে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক থাকার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার প্রতিও আহ্বান থাকবে।
উপস্থিত ব্যক্তিবর্গ
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, ওসি শাহীন মিয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু, বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ ও সাধারণ সম্পাদক আলমগীর প্রমুখ।



