নাটোরের সিংড়ায় আর্জেন্টিনা ও মিশরের ফুটবল খেলা নিয়ে তর্কবিতর্কে সামছুল ইসলাম নামের এক লেবার সরদারকে (দিনমজুর) কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে।
অভিযুক্ত ও ভুক্তভোগীর পরিচয়
অভিযুক্ত আওয়ামী লীগ কর্মীর নাম শফি মৃধা। তিনি সিংড়া পৌরসভার কতুয়াবাড়ি মহল্লার কাবিল উদ্দিন মৃধার ছেলে। ভুক্তভোগী লেবার সরদার সামছুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) বাদজোহর কতুয়াবাড়ি মসজিদে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন সামছুল ইসলাম। পথিমধ্যে আর্জেন্টিনা ও মিশরের ফুটবল খেলা নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে শফি মৃধা তার হাতে থাকা লোহার দা (ধারাল অস্ত্র) দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে সামছুল ইসলামের বাম হাত কেটে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসা ও পুলিশি ব্যবস্থা
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, আহত ব্যক্তির বাম হাতে চারটি সেলাই দেওয়া হয়েছে। অভিযুক্ত শফি মৃধার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, "বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে তর্কে একজনের হাতে কোপানোর অভিযোগ পেয়েছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"



