বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। আজ রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
মৃত্যুর বিবরণ
আজ ভোর ৪টার দিকে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জমিরউদ্দিন সরকারের মৃত্যু হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানিয়েছেন।
রাজনৈতিক জীবন
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জমির উদ্দিন সরকার গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। পরে রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জমির উদ্দিন সরকার।
শায়রুল কবির খান বলেন, প্রয়াত জমির উদ্দিন সরকারের জানাজা তিন দফায় প্রথমে ধানমন্ডির তাকওয়া মসজিদে, হাইকোর্টে এবং পরে জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হবে। এর সময়সূচি পরে জানানো হবে।
পরবর্তী দায়িত্ব
১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে জমির উদ্দিন সরকারকে প্রথমে ভূমি প্রতিমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ফিরলে অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন জমির উদ্দিন সরকার।



