কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জাসদ নেতা আনোয়ারুল কবির (টুটুল) দলের সাংগঠনিক কার্যক্রম ও সব পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে ভেড়ামারা শহরে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
পদত্যাগের কারণ
আনোয়ারুল কবির ভেড়ামারা উপজেলা জাসদের সদস্য, যুব জোটের সহসভাপতি ও কেন্দ্রীয় যুব জোটের সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে জাসদের রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমান বাস্তবতায় দলীয় কর্মকাণ্ডে আর সম্পৃক্ত থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। তিনি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আনোয়ারুল কবির বলেন, ভেড়ামারা পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে তিনি সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন। সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন সমস্যা এবং ব্যবসায়িক দায়িত্ব বেড়ে যাওয়ায় দলীয় সাংগঠনিক কার্যক্রমে প্রয়োজনীয় সময় ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পৃক্ত থাকা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। এসব বিষয় বিবেচনায় নিয়ে জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় সব পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
রাজনীতি ছাড়ার ঘোষণা
এ সম্পর্কে আনোয়ারুল কবির প্রথম আলোকে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে অনেকের বাধার মুখে পড়েছি। নিজের ব্যবসা পরিচালনা করতে বাধার মুখে পড়তে হচ্ছে। বর্তমানেও কিছুটা বাধার মুখে। তাই আর কোনো রাজনীতিতে থাকতে চাই না।’
এক প্রশ্নের জবাবে আনোয়ারুল কবির বলেন, ‘জনগণের জন্য সামাজিক কাজ করে যাব। জনগণ চাইলে নির্বাচনও করতে পারি। তবে সেটা জনগণের ওপর নির্ভর করছে, কোনো দলের হয়ে নয়।’



