পাবনায় বিএনপি নেতার মারধরে কৃষিশ্রমিকের মৃত্যুর অভিযোগ
পাবনায় বিএনপি নেতার মারধরে কৃষিশ্রমিকের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধরে আহত হওয়ার পর জামিল হোসেন (৫০) নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে চরভাঙ্গুড়া গ্রামে মারধরের ঘটনার পর রাতে মারা যান তিনি।

নিহতের পরিচয় ও পেশা

নিহত জামিল হোসেনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার হরিনা গ্রামে। তিনি ধান মাড়াইয়ের মেশিন নিয়ে পরিবারসহ ভাঙ্গুড়ায় এসেছিলেন। পরিবার নিয়ে উপজেলার কৈইডাঙ্গা এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে গ্রামে গ্রামে ধান মাড়াই করতেন।

অভিযুক্ত বিএনপি নেতা

অভিযুক্ত বিএনপি নেতার নাম ইউসুফ আলী (৪৫)। তিনি ভাঙ্গুড়া সদর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

স্থানীয় লোকজন ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় তিন সপ্তাহ আগে জামিল হোসেন ধান মাড়াইয়ের জন্য ভাঙ্গুড়ায় আসেন। তিনি বাড়ি বাড়ি ঘুরে মাড়াইযন্ত্র দিয়ে ধান মাড়াই করতেন। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বিএনপি নেতা ইউসুফ আলী তাঁকে ধান মাড়াই করে দিতে বলেন। অন্য কাজ থাকায় জামিল হোসেন ধান মাড়াইয়ে দেরি হবে বললে ইউসুফ আলী ক্ষিপ্ত হন। একপর্যায়ে তিনি জামিল হোসেনকে মারধর করে মাড়াইযন্ত্রের চাবি কেড়ে নেন। পরে জোরপূর্বক তাঁকে দিয়ে ধান মাড়াই করিয়ে নেন। মাড়াইয়ের কাজ শেষে রাতে বাড়ি ফিরে জামিল হোসেন অসুস্থ বোধ করতে থাকেন। একপর্যায়ে নদীতে গোসল করতে নামেন এবং গোসল শেষে বাড়ি ফেরার পরই মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানালে পুলিশ জামিল হোসেনের লাশ হেফাজতে নেয়।

পরিবারের বক্তব্য

নিহত জামিল হোসেনের মেয়ের জামাই আবদুল কাদের বলেন, ‘আমার শ্বশুর শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। অসুস্থ বোধ করার সময় মারধরের ঘটনার বর্ণনা দেন তিনি। এরপর গোসল করে এসেই মারা যান।’ তাঁর দাবি, মারধরের কারণেই শ্বশুরের মৃত্যু হয়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্তের অবস্থান ও দলের প্রতিক্রিয়া

এ বিষয়ে জানতে বিএনপি নেতা ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। স্থানীয় লোকজনের দাবি, ঘটনার পর গা ঢাকা দিয়েছেন তিনি। যোগাযোগ করা হলে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর–মুজাহিদ অভিযুক্ত ব্যক্তির দলীয় পরিচয় নিশ্চিত করেন। তবে তিনি ঘটনার কিছু জানেন না বলে দাবি করেন।

পুলিশের অবস্থান

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে।’ তবে এ ঘটনায় আজ রোববার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।