গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুর হাঁসবাড়ী গ্রামে কয়েকটি মন্দির ও দেবমূর্তি নির্মাণকে কেন্দ্র করে উদ্ভূত সাম্প্রদায়িক পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। শনিবার (১৩ জুন) এক যুক্ত বিবৃতিতে এ উদ্বেগ জানান সংগঠনের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল।
ধর্মান্ধ মহলের আক্রমণ
বিবৃতিতে তারা বলেন, মন্দির ও দেবমূর্তি নির্মাণ নিয়ে একটি ধর্মান্ধ মহল সনাতন হিন্দু ধর্মকে অশালীন ভাষায় আক্রমণ ও উসকানিমূলক অবমাননা করে চলেছে। বিষয়টি হিন্দু সম্প্রদায়কে এক নাজুক অবস্থা ও দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছেন তারা।
আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ
আন্তর্জাতিকভাবেও বিষয়টি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে উল্লেখ করে সংগঠনের নেতারা আরও বলেন, সম্প্রতি মিছিলে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য প্রদান ও ভগবান শ্রীরামচন্দ্রের ছবির প্রতি জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে, যা হিন্দু সম্প্রদায়কে গভীরভাবে মর্মাহত করেছে। এ ঘটনায় হিন্দু ধর্মকেও অবমাননা করা হয়েছে।
সরকারের ইতিবাচক পদক্ষেপ
তবে আশার কথা সরকার ও দায়িত্বশীল রাজনৈতিক শক্তি তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবিলায় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে তারা আরও বলেন, দেড় বছরের দুঃসহ অবস্থার পর নির্বাচনের মাধ্যমে দেশ যখন ইতিবাচক ধারার দিকে এগিয়ে যাচ্ছে- এ সময়ে ধর্ম নিয়ে ফের বিরূপ অবাঞ্ছিত পরিস্থিতি সৃষ্টি অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক শক্তির হাতকেই শক্তিশালী করবে।
জাতীয় স্বার্থে ভূমিকা
এ অবস্থায় সরকার, নাগরিক সমাজ ও গণতান্ত্রিক শক্তিকেই সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে দেশের অগ্রগতি নিশ্চিত করতে জাতীয় স্বার্থে ভূমিকা রাখতে হবে বলে বিবৃতিতে জোর দেওয়া হয়।



