প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজনৈতিক উত্তেজনা
মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলটির নেতাকর্মীরা কয়েক দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেও মিছিল-শোডাউন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের সম্ভাব্য কর্মসূচি ঠেকাতে আগামীকাল মাঠে সরব থাকবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। অপরদিকে সরাসরি না হলেও আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি কৌশলে প্রতিরোধ করার উদ্যোগ আছে বিএনপির।
জামায়াতের সমাবেশ ও বক্তব্য
মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সেখানে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সোমবার (২২ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ মঙ্গলবারের সমাবেশের কথা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম, খুন, হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে ১১ দলীয় ঐক্য সমাবেশ করবে। তবে জোটের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত ২০২৪-এর জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘ঠেকাতেই’ আগামীকাল মাঠে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট।
হামিদুর রহমান আযাদ বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মসূচি রুখে দেওয়ার দায়িত্ব সরকারের। ফ্যাসিবাদের উত্থান সরকার না ঠেকাতে পারলে ১১ দল দেশবাসীকে সঙ্গে নিয়ে তা রুখে দেবে।”
এনসিপির বিক্ষোভ কর্মসূচি
এদিকে আওয়ামী লীগ আমলের গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার সারা দেশে জেলা ও মহানগরে আলাদাভাবে বিক্ষোভের ডাক দিয়েছে এনসিপি। সোমবার (২২ জুন) দলের দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকালে এ কর্মসূচি পালন করতে দলের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানা যায়, মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ যেন কোথাও নাশকতা করতে না পারে, তাদের প্রতিরোধে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিএনপির কৌশলী অবস্থান
সরাসরি কোনও কর্মসূচি ঘোষণা না করলেও কৌশলে মাঠে থাকবে বিএনপি। ইতোমধ্যে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বাংলা ট্রিবিউনকে বলেন, “নিষিদ্ধ যেকোনও সংগঠনকে ঠেকানোর দায়িত্ব সরকারের। এটা তো বিএনপির কাজ না। এটা নিয়ে সরকার নিশ্চয়ই উদ্যোগ নেবে। তবে হ্যাঁ, জন-রোষানলে পড়ে যারা পালিয়ে গিয়েছে, তারা যদি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নিশ্চয়ই তাদের প্রতিরোধ করবে।”



