সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের শপথ, নুসরাত তাবাসসুম আজ নন
সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের শপথ, নুসরাত আজ নন

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯ জন সদস্য আজ শপথ নিতে যাচ্ছেন। যাদের গেজেট ইতোমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ হওয়ার পরেও আজ শপথ নিতে পারছেন না তিনি।

নির্বাচন কমিশনের ব্যাখ্যা

রবিবার (৩ মে) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন। নুসরাত তাবাসসুমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে আজ তাকে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হচ্ছে না। আগামীকাল গেজেট প্রকাশ হতে পারে।”

তিনি আরও বলেন, “আজ আমরা তার মনোনয়নপত্র প্রত্যাহার ও তার মনোনয়নপত্রের পক্ষে-বিপক্ষে আপিল করার সময় রেখেছি। সেজন্য আজ গেজেট প্রকাশ হচ্ছে না। ফলে তিনি আর আজ শপথ নিতে পারছেন না।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মনিরা শারমিনের রিটের প্রভাব

এসময় মনিরা শারমিনের আদালতে রিটের বিষয়ে জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, “মনিরা শারমিনের রিটের বিষয়টিও আমরা আমাদের দৃষ্টিতে রেখেছি। ফলে আগামীকালও গেজেট প্রকাশ হবে সেটি বলা যায় না। এটি পুরোপুরি আদালতের ওপর নির্ভর করছে। আদালত যদি রুল জারি করে তখন আমাদের নতুন সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমার পদ মাত্র একটা। এখন নুসরাতকে দিয়ে দিলাম। আদালত বললো, মনিরাকে রাখেন। তখন নুসরাতের মামলা ইনফ্যাকসেস হয়ে গেলো। ফলে অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আশাকরি কাল গেজেট হয়ে যাবে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি জটিলতা

নুসরাত তাবাসসুমের বিষয়ে গেজেট প্রকাশের পর আদালত থেকে মনিরা শারমিনের বিষয়ে চিঠি দিলে কি আইন অনুযায়ী নুসরাত তাবাসসুম বাতিল হবে কিনা জানতে চাইলে রহমানেল মাছউদ বলেন, “অবশ্যই বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে মানে তখন দুইজন প্রার্থী হবে। আমরা বলতে পারি দুইজনের মধ্যে কোন জন। অথবা ভোটে চলে যাবে। সেসময় জামায়াত জোট ভোট দিয়ে এদের মধ্যে একজন প্রার্থী নির্বাচিত করবে।”

মনিরা শারমিনের চিঠি

এদিকে আজ হাইকোর্টে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য করা রিটের রায় না আসা পর্যন্ত নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মনিরা শারমিন। চিঠিতে মনিরা জানান, “তার রিট করা মামলায় ৪ মে হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চে শুনানি হবে। তাই মামলার শুনানি না হওয়া পর্যন্ত অপর প্রার্থী নুসরাত তাবাসসুমের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত না হওয়া আবশ্যক। যেহেতু আমার দল প্রথমে আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে, সেহেতু মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশের জন্য নির্বাচন কমিশনের অপেক্ষা করা উচিত। অন্যথায় আমি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবো।” তাই তার দায়েরকৃত মামলাটির শুনানি না হওয়া পর্যন্ত নারী আসনের অন্য প্রার্থীর যেন কোন গেজেট না হয় সে অনুরোধ জানান মনিরা শারমিন।