লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী মুর্শিদা আক্তার নিশি গত ২২ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন। দুই মাস পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিশির মা ছকিনা বেগম মেয়েকে খুঁজে পেতে আকুতি জানিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
নিখোঁজের ঘটনা ও পরিবারের বক্তব্য
নিশি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে। গত ২২ এপ্রিল সকালে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরেনি। তার মা ছকিনা বেগম জানান, ঘটনার দিন নিশি তোরাবগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে। পথে অটোরিকশাটি নষ্ট হয়ে গেলে চালক তাকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকায় নামিয়ে দেন। পরে সে অন্য একটি অটোরিকশায় ওঠে এবং সেই অটোরিকশাতেই কেউ তার মুখে স্প্রে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ইমোতে যোগাযোগ ও অভিযোগ
এদিকে, ৩ জুন একটি ইমো আইডি থেকে নিশি তার মায়ের সঙ্গে কথা বলেছে। তখন সে মাকে জানায়, একটি ঘরে তাকে আটকে রাখা হয়েছে। ঘর থেকে বের হতে না পারায় সে কোথায় আছে তা বলতে পারেনি। নিশির চাচা আবুল বাশার বলেন, নিশি ইমোতে কল করে জানিয়েছে, তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে। এক নারী তাকে খাবার দিতে আসেন। ওই নারীর মোবাইল ফোন থেকে ইমোতে কল করে সে তার মাকে বিষয়টি জানিয়েছে। দুই মাস পার হয়ে গেলেও এখনো মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি।
পুলিশের তদন্ত ও বক্তব্য
লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই হুমায়ুন কবীর বলেন, ২২ এপ্রিল কলেজছাত্রী নিশি নিখোঁজ হয়। ২৫ এপ্রিল তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মেয়েটি ইমোতে তার মায়ের সঙ্গে কথা বলেছে। তবে ইমোতে কথা বলায় সে কোথায় আছে তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে অপহরণের শিকার হয়নি।



