সংসদে বিরোধী জোটের মধ্যে এনসিপি বেশি ভোকাল ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। আবার জামায়াতে ইসলামীকে বিরোধীদল হিসেবে কিছুটা দুর্বল মনে হয়েছে তার। জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
বিরোধী জোটের মূল্যায়ন
বিরোধী জোটের মূল্যায়ন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, 'আমি কে তাদের পারফরমেন্স জাজ করার। তবে আমার কাছে এনসিপির বক্তব্য থেকে মনে হয়েছে এটা আদর্শিক জোট নয়, এটি নির্বাচনি এবং কৌশলগত একটি জোট, যেটা এনসিপি বলেছে।' অন্যদিকে জামায়াতের ভূমিকা তুলনামূলক দুর্বল বলে উল্লেখ করে তিনি বলেন, 'আমি সংসদে আর ১০ জন সাধারণ দর্শকের মতো যেটা দেখেছি- আমার কাছে মনে হয়েছে এনসিপি অনেক বেশি ভোকাল, অনেক বেশি চেষ্টা করছে সংসদে একটা শক্ত বিরোধী প্রভাব তৈরি করার। সে ক্ষেত্রে আমার জামায়াতকে কিছুটা দুর্বল মনে হয়েছে এবং এটা শুধু আমার পর্যবেক্ষণ না, এটা অন্যান্য অনেকের সঙ্গে কথা বলে আমি এই ফিডব্যাক পেয়েছি।'
আইনি যুক্তিতর্কের অভাব
তিনি আরও বলেন, বিরোধী দলে প্র্যাকটিসিং আইনজীবী থাকলেও প্রত্যাশিত মাত্রায় আইনি যুক্তিতর্ক উপস্থাপন করা হয়নি। তার মতে, আলোচনায় আবেগপ্রবণ বক্তব্য বেশি ছিল, যেখানে আরও শক্ত আইনি বিশ্লেষণ থাকা উচিত ছিল।
বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়া
রুমিন ফারহানা অভিযোগ করেন, সংসদে বক্তব্য দেওয়ার সুযোগও তিনি পাননি। তার ভাষায়, 'সরকারি দল থেকেও সময় পাইনি, বিরোধী দল থেকেও সময় পাইনি।'



