স্বাস্থ্য জটিলতার মাঝেই পদ্মভূষণ গ্রহণ করলেন অলকা ইয়াগনিক
স্বাস্থ্য জটিলতার মাঝেই পদ্মভূষণ পেলেন অলকা ইয়াগনিক

ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক মঙ্গলবার (২৩ জুন) দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 'পদ্মভূষণ' গ্রহণ করেছেন। স্বাস্থ্য জটিলতার মধ্যেও তিনি এই সম্মাননা গ্রহণ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন।

স্বাস্থ্য নিয়ে আবেগঘন পোস্ট অলকার

পুরস্কার গ্রহণের পরপরই অলকা ইয়াগনিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা শেয়ার করেছেন। সেখানে তিনি তাঁর শারীরিক অবস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, 'গত দুই বছর ধরে আমি স্পটলাইট, জনসমক্ষ এবং নিজের জীবনের গল্পগুলো শেয়ার করা থেকে দূরে রয়েছি। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমি একটি কঠিন স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। তবে এই পুরো সময়টাতে আপনাদের ভালোবাসা, প্রার্থনা, বার্তা এবং অবিচল সমর্থন প্রতিটা পদক্ষেপে আমার পাশে ছিল।'

শুভেচ্ছায় ভাসালেন তারকারা

অলকার এই পোস্টে বিনোদন জগতের তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। কুমার শানু লিখেছেন, 'খুবই যোগ্য সম্মান অলকা! ঈশ্বর তোমার মঙ্গল করুন।' শান মন্তব্য করেছেন, 'সবচেয়ে যোগ্য সম্মান, অলকা জি!!! আপনি আমাদের অহংকার এবং আনন্দ!!!' ইলা অরুণ লিখেছেন, 'তোমাকে নিয়ে অনেক গর্বিত।' ভূমি পেড়নেকর, বীর পাহাড়িয়া ও অদিতি সিং শর্মা ইমোটিকন দিয়ে ভালোবাসা জানিয়েছেন। আকৃতি কাক্কার লিখেছেন, 'আপনার চেয়ে বেশি আর কেউ এটি পাওয়ার যোগ্য নয়।' সুদেশ ভোসলেও শুভেচ্ছা জানিয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিরল শ্রবণ ব্যাধিতে আক্রান্ত অলকা

এর আগে ২০২৪ সালের জুন মাসে অলকা ইয়াগনিক জানিয়েছিলেন যে তিনি একটি বিরল শ্রবণ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। বিমান থেকে নামার পরপরই তিনি হঠাৎ করে সম্পূর্ণ শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। এই ঘটনা তাঁর কোটি ভক্তকে চিন্তিত করে তোলে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ও অন্যান্য অর্জন

অলকা ইয়াগনিক ইউটিউবে সর্বকালের সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। ২০২০ সালে তাঁর গান ১৬.৬ বিলিয়ন এবং ২০২১ সালে ১৭ বিলিয়ন স্ট্রিম রেকর্ড করা হয়। তিনি ২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২টি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার এবং সেরা নারী প্লেব্যাক সিঙ্গার হিসেবে ৭টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন।

কালজয়ী গানের ভাণ্ডার

তার গাওয়া 'এক দো তিন', 'চুরা কে দিল মেরা', 'টিপ টিপ বারসা পানি', 'দিল নে ইয়ে কাহা হ্যায় দিল সে' এবং 'তাল সে তাল মিলা'-র মতো গান আজও শ্রোতাদের হৃদয়ে অম্লান। এই সম্মাননা তাঁর অবিস্মরণীয় অবদানেরই স্বীকৃতি।