নেত্রকোনায় বিয়েতে গান বাজানো নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত
নেত্রকোনায় বিয়েতে গান বাজানো নিয়ে সংঘর্ষে নিহত ১

নেত্রকোনায় একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো ও ছবি তোলা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফয়সাল আহমেদ (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

ঘটনার বিবরণ

সোমবার (১ জুন) রাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাবনিকোনা সংসদ বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল আহমেদ ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বাবনিকোনা সংসদ বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা ইদ্রিস মিয়ার মেয়ের বিয়ে অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে রাত পৌনে ১২টার দিকে অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানো ও ছবি তোলা নিয়ে ফয়সাল আহমেদ ও তার কয়েকজন বন্ধুর সঙ্গে একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম মিয়াদের (১৯) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম মিয়া তার পরিবারের লোকজন নিয়ে ফয়সাল আহমেদের ওপর হামলা চালায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহত ও চিকিৎসা

এতে ফয়সাল আহমেদ, তার চাচাতো ভাই রবিন মিয়া (১৯), চাচা সাদেকুল ইসলাম (৪২), চাচাতো ভাই উজ্জ্বল মিয়ার ছেলে সৌরভ মিয়া (১৯) আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফয়সাল ও সাদিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন রাত আড়াইটার দিকে ফয়সালের মৃত্যু হয়।

পুলিশের বক্তব্য

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানো ও ছবি তোলা নিয়ে প্রতিপক্ষের হামলায় ফয়সাল আহমেদ নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ