নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরে যুবলীগের একটি ঝাটিকা মিছিলে ধাওয়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এতে মিছিলে থাকা নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। সোমবার সকালে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
ভিডিওতে যা দেখা গেছে
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একদল যুবক মুখে মাস্ক পরে ও কাপড় পেঁচিয়ে আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করে। মিছিলের ব্যানারে নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও আজমেরী ওসমানের ছবি দেখা গেছে। এ সময় তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।
এনসিপি নেতার বক্তব্য
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে নিষিদ্ধ আওয়ামী লীগের ২০-২৫ জনের একটি দল সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় মিছিল বের করে। এ সময় মিছিলের পেছনে একটি ইজিবাইকে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির চার জন সদস্য বসে ছিলেন। তারা মিছিল দেখতে পেয়ে পেছন থেকে ধাওয়া করেন। সঙ্গে সঙ্গেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে ব্যানার দেখে বুঝতে পারি তারা প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী এবং যুবলীগ নেতাকর্মী।’
পুলিশের প্রতিক্রিয়া
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিছিলের বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’



