রাজধানীর কুড়িল এলাকায় মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতা–কর্মীকে আটক করার কথা জানিয়েছে বনানী থানা–পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ করছিলেন তাঁরা। আজ শনিবার সকাল সাতটার দিকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিবরণ
বনানী থানা–পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে মিছিলটি শুরু হয়। কুড়িল বিশ্বরোড এলাকায় যাওয়ার পর ভাটারা থানা–পুলিশের টহল দলের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে একটি মাইক্রোবাসে করে পালানোর সময় বনানী থানা–পুলিশ ১৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটকের পরবর্তী পদক্ষেপ
বনানী থানার পরিদর্শক (অপারেশনস) মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, আটক নেতা–কর্মীদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। রাজনীতি থেকে আরও পড়ুন: আদালত, কারাগার, পুলিশ, গ্রেপ্তার, মিছিল, ছাত্রলীগ।



