বাজেটের পর প্রথমবার দাম বাড়েনি: প্রধানমন্ত্রী তারেক রহমান
বাজেটের পর প্রথমবার দাম বাড়েনি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রথমবারের মতো দাম না বাড়ার নজির

প্রধানমন্ত্রী বলেন, আজ সকালে ঢাকা থেকে প্লেনে ওঠার পর পত্রিকায় দেখলাম সবগুলো পত্রিকা একটি খবর করেছে যে, প্রতিবছর বাজেট উপস্থাপনের পরদিন বিভিন্ন জিনিসের দাম বেড়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গত পরশুদিন বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো কোনো জিনিসের দাম বাড়েনি। তিনি বলেন, যে বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট জনগণের পক্ষের বাজেট। এই বাজেটে আমরা বিভিন্ন ওষুধপত্র ও চিকিৎসা পণ্যের ওপর থেকে ট্যাক্স কমিয়ে এনেছি।

ওষুধ ও চিকিৎসায় কর প্রত্যাহার

প্রধানমন্ত্রী আরও বলেন, এই বাজেটে কিডনি ডায়ালাইসিসের ওষুধ থেকে কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে প্রতিটি ডায়ালাইসিসের রোগীদের ৮০০ থেকে ১ হাজার টাকা সাশ্রয় হবে। হার্টের বাইপাস ও স্টেন্টিংয়ে আগে যেখানে সোয়া লাখ টাকা খরচ হতো, তা কমে এখন প্রায় ৫০-৬০ হাজার টাকায় নেমে আসবে। একইভাবে চোখের লেন্সের ওপর থেকেও কর প্রত্যাহার করা হয়েছে, যা বয়স্ক ও অবসরপ্রাপ্ত মানুষের জন্য বিশেষভাবে সহায়ক হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সমালোচকদের জবাব

তারেক রহমান বলেন, আমরা বাজেটের দিন ও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, কিছু রাজনৈতিক দল এই বাজেটের বিপক্ষে প্রতিবাদ জানিয়েছে এবং একে গণবিরোধী বলেছে। কিন্তু বিএনপি সরকার ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর ট্যাক্স কমিয়েছে, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে। অন্যদিকে, এই বাজেটে সিগারেট ও মদের ওপর ট্যাক্স বাড়ানো হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, যারা এই ট্যাক্স বাড়ানোর প্রতিবাদ করছে, তারা কি জনগণের জন্য রাজনীতি করে? তারা জনগণের বন্ধু নয়।

নির্বাচন প্রসঙ্গ

প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে কিছু দল জনগণের কাছে টিকিট বিক্রি করত, এখন আর তা করে না, কারণ তাদের সে ক্ষমতা নেই। তারা জনগণকে ঠকিয়ে ভোট নিতে চেয়েছিল। যারা মদ ও সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে মিছিল করে, তারা জনকল্যাণমূলক উদ্যোগের বিরোধিতা করছে।

জনসভার অন্যান্য বক্তব্য

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সংরক্ষিত সংসদ সদস্য শামীম আরা স্বপ্না প্রমুখ।

প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফর

মাতামুহুরী উপজেলা ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সন্ধ্যায় জনসভায় আসেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি পেকুয়ায় নতুন পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন, শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজ করেন। সকাল ৯টা ৫৫ মিনিটে ইউএস বাংলার ফ্লাইটে কক্সবাজার পৌঁছে তিনি দিনব্যাপী কর্মসূচির শুরুতে পাতলী খাল পুনঃখনন উদ্বোধন এবং দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।