প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২ মে) সকাল ১০টায় সিলেটে পৌঁছান। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান যখন প্লেন থেকে নামছিলেন তখন সিলেটে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যেই তিনি বিমানবন্দর থেকে বের হয়ে রওনা দেন হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দিকে। সে সময় তাকে সামান্য ভিজতেও দেখা যায়।
বাসে চড়ে মাজারে যান। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী মাজারে প্রবেশ করেন। এরপর জিয়ারত করেন। যখন জিয়ারত করছিলেন তখনও বৃষ্টি হচ্ছিল। সেখানেও তার মাথার ওপর ছাতা ধরলেও গায়ে পানি পড়তে দেখা যায়।
মাজার জিয়ারত শেষে তিনি নগরের চাঁদনীঘাটে সিলেট সিটি করপোরেশনের সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বেলা সোয়া ১১টায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটে এখনও বৃষ্টি হচ্ছে। তবে সকালের তুলনায় কিছুটা কমেছে। আর বৃষ্টির মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন প্রধানমন্ত্রী।
আরও যেসব কর্মসূচি রয়েছে
দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন। বিকাল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন। দিনের সফর শেষে সন্ধ্যা ৭টায় বিমানে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।



