জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়, সরকারের কাজ হচ্ছে দীর্ঘ মেয়াদে সুশাসন বজায় রাখা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইস্যুতে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে তথ্যমন্ত্রী
ঈদের ছুটি শেষে রোববার (৩১ মে) রাতে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। জ্বালানি তেলের দাম বাড়াটা একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে কি না জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকট যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকেই যারা আমদানিনির্ভর জ্বালানিভিত্তিক দেশ, তারা সবাই আন্তর্জাতিক সংকটের সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়িয়েছে। নিশ্চয়ই এ তথ্য আপনাদের সবার জানা আছে। দীর্ঘদিন অন্যরা দাম বাড়ালেও আমাদের সরকার কিন্তু দাম পুরোনো জায়গাতে ধরে রেখেছে, যদিও আমরা আমদানিনির্ভর একটি দেশ।
আমদানিনির্ভরতা ও সরকারের পদক্ষেপ
তিনি বলেন, আমাদেরকে জ্বালানি আমদানি করে চলতে হয়। আমাদের বিদ্যুৎমন্ত্রী, প্রতিমন্ত্রী তারা নিয়মিতই এ বিষয়ে জাতিকে অবহিত করেছেন, পরিসংখ্যান দিয়েছেন। কিন্তু এটা তো সত্য, আমদানি করেই যদি চলতে হয় তাহলে তো আমাকে আমার আমদানি ক্ষমতার ওপরে ভর করেই চলতে হবে। তো অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ মন্ত্রণালয় এরইমধ্যে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করার জন্য ওয়াহিদউদ্দিন মাহমুদ সাহেবের নেতৃত্বে একটা পরামর্শ কমিটি করেছে। যেই পরামর্শ কমিটির পরামর্শে সরকার চলছে।
মন্ত্রী বলেন, আমাদেরকে আমদানি করেই চলতে হবে। এই সব বিষয় মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই কিন্তু সরকারের একমাত্র কাজ নয়। সরকারের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা।



