প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সাংবাদিক হওয়ার জন্য একটি নীতিমালা থাকা দরকার বলে জেলা প্রশাসকরা (ডিসি) জানিয়েছেন। তিনি বলেন, 'আমরাও নীতিমালা এবং রেগুলেশনের কথা ভাবছি এবং এটা আমরা দ্রুতই করবো।'
জেলা প্রশাসক সম্মেলনে আলোচনা
চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন বুধবার (৬ এপ্রিল) ওসমানী স্মৃতি মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে রাজনৈতিক চাপের বিষয়ে কথা বলেন কিনা, এমন প্রশ্নে উপদেষ্টা স্পষ্ট করেন যে, রাজনৈতিক প্রভাবের আলোচনা এখানে আসেনি।
ডিজিটাল মিডিয়ার প্রসঙ্গ
উপদেষ্টা বলেন, 'রাজনৈতিক প্রভাবের কথা যেটা বলছেন, সেই আলোচনা এখানে আসেনি। এটা এসেছে যে আমাদের সাংবাদিকরা যারা ওখানে কাজ করেন– আমরা এখন একটা ডিজিটাল মিডিয়ার মধ্যে ঢুকে পড়েছি, খুব সহজে মিডিয়া অনেকে চালু করছেন, অনলাইন বেসড। সেখানে কখনও কখনও তাদের মতে এবং তারা এই সমস্যা ফেসও করেন, এটা আপনারাও নিশ্চয় স্বীকার করবেন, নীতিমালার একটা অভাব আছে।'
তিনি আরও বলেন, 'সুতরাং তাদের একটা প্রত্যাশা হলো, সাংবাদিক হওয়ার জন্য একটা নীতিমালা থাকা দরকার এবং সাংবাদিকদের একটা কোড অব কন্টাক্ট থাকা দরকার, যেটা তারা ফলো করবেন, সে ক্ষেত্রে তাদের দায়িত্ব পালনে সুবিধা হবে। একটা নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভাবছি এবং এটা আমরা দ্রুতই করবো।'



